রাজশাহীতে আল্লাহর আইন মানার জন্য ছাত্রদল নেতার পদত্যাগ

By সজল মাহমুদ, রাজশাহী:

2 Min Read

আল্লাহ তায়ালার বিধান মেনে চলার প্রত্যয়ে রাজশাহীতে ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির এক নেতা। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন সাকিব হাসান জয়, যিনি রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি বর্তমানে ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত।

সাকিব তার স্ট্যাটাসে লেখেন, আমি মোঃ সাকিব হাসান (জয়)। কাটাখালি পৌরসভা, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।

পদত্যাগের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যে সংগঠনে আল্লাহর আইন নেই, সেখানে কোনো ঈমানদার মুসলমানের থাকার অধিকার নেই। আমার রাজনীতি ইসলামের জন্য। আমার অবস্থান সত্য ও ন্যায়ের পক্ষে। আল্লাহর বিধানের বাইরে কোনো পথ আমার জন্য নেই।

স্ট্যাটাসটি কিছুক্ষণ পরেই তিনি মুছে ফেললেও নিজের সিদ্ধান্তে তিনি অটল রয়েছেন বলে জানান। পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জয় বলেন, বর্তমান সময় সম্পর্কে আপনিও তো জানেন। বর্তমানে ছাত্রদল ও বিএনপি যা শুরু করেছে, মুসলমান হয়ে নিজেকে অনেক কষ্ট লাগছে। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। তবে এভাবে মানুষকে যখন অ্যাটাক করে তখন খুব কষ্ট লাগে। আমি পদত্যাগ করেছি এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই।

এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বলেন, জয় আমাদের কর্মসূচিতে আসত। তাকে তো দেখতাম, সে সব কর্মসূচিতেই ছিল। কিন্তু তার পদত্যাগের ব্যাপারে আমি কিছু জানি না। এটা তার ব্যক্তিগত বিষয়। কে কোন দল করবে, কাদের সাথে থাকবে, এগুলো একান্ত তার নিজের বিষয়। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আমাদের সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *