নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই ভোটগ্রহণের সম্ভাব্য সময় ধরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ প্রেক্ষিতে ১৮ থেকে ৩৩ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা ও বুথ রাখার সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূস।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের নিয়ে একটি আলাদা ভোটার তালিকা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হোক। একই সঙ্গে এ তরুণ ভোটারদের জন্য প্রতিটি কেন্দ্রে পৃথক ভোটিং বুথের ব্যবস্থা রাখা সম্ভব কি না, তা পরীক্ষার নির্দেশও দিয়েছেন তিনি।
শফিকুল আলম আরও বলেন, আপনারা জানেন, শেখ হাসিনার অধীনে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ ছিল। এসব নির্বাচনে বিপুলসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাননি। এবার সেই তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর আগে রাতেই নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে নির্বাচন প্রস্তুতির নানা দিক পর্যালোচনা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
