লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

অবশেষে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলারের একটি বড় বিনিয়োগ আসছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) সকালে লালদিয়া চর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের সামনে ইতিহাস তৈরির সুযোগ আছে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা সরকারের লক্ষ্য। লালদিয়া গ্রিন পোর্ট হবে। ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। বিষয়টি খুবই সিরিয়াসলি ট্র্যাক করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। পোর্ট ক্যাপাসিটি এখন লিমিটেড। ছয়গুণ করার পরও ভিয়েতনামের ধারে কাছেও যাব না। তাই এক্সপার্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে কম জায়গায় বেশি অপারেশন করা যায়।”

লালদিয়া চর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের উচ্চপর্যায়ের এই পরিদর্শন এবং বিনিয়োগ পরিকল্পনার ফলে লালদিয়া চরকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও পোর্ট পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করতে পারবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *