লাহোরে বাংলাদেশ দলকে অভ্যর্থনা, একাত্তরের প্রসঙ্গ টেনে বাঙালির প্রশংসা জারদারির

By স্পোর্টস ডেস্ক :

2 Min Read

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ উপলক্ষে লাহোরের গভর্নর হাউসে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালদের আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি দুই দেশের খেলোয়াড়দের স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ দল পাকিস্তানে এসে খেলছে, এটি আমাদের জন্য সম্মানের বিষয়। খেলাধুলা দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন দৃঢ় করতে পারে।”

একাত্তরের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট জারদারি বলেন, “আমি সেই প্রজন্মের মানুষ, যারা বিভাজনের ইতিহাস নিজের চোখে দেখেছে। হয়তো বর্তমান প্রজন্ম সেই যন্ত্রণা পুরোপুরি বুঝবে না। তবে আমি জানি, বাঙালিরা এই অঞ্চলের অন্যতম গর্বিত ও সংস্কৃতিময় জাতি।”

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের দুই দেশেরই রয়েছে প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদ—যা যৌথভাবে কাজে লাগানো গেলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

তরুণদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, “যুবসমাজকে এগিয়ে আসতে হবে। খেলাধুলা হতে পারে সেই যোগাযোগের অন্যতম কার্যকর ও ইতিবাচক মাধ্যম।”

অনুষ্ঠানজুড়ে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণবন্ত উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ। এটি যেন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উষ্ণতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *