১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হলো জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও ফিডব্যাক ব্যান্ডের তারকা লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’ -এর গ্র্যান্ড প্রিমিয়ার।
স্টুডিও আরাম কেদারার প্রযোজনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের স্ট্রিমিং পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলোর চরকি মিউজিক।
অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, গণমাধ্যম প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষাবিদ ও সমাজের নানা স্তরের অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রিমিয়ার অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, বাংলা সংগীতচর্চায় নতুন মাত্রা যোগ করতে এবং তরুণ প্রজন্মকে দেশীয় সুস্থ বিনোদনে অনুপ্রাণিত করতেই আমাদের এই বিশেষ উদ্যোগ।
সঙ্গীতশিল্পী লুমিন আবেগঘন কণ্ঠে জানান, আমি কানাডা প্রবাসী হলেও দেশের টানে এই মিউজিক্যাল ফিল্মের আয়োজন করেছি। আমার বন্ধু এবং মিডিয়ার প্রিয় মানুষ ডা. আশীষ ছাড়া এটি সম্ভব হতো না। উপস্থিত সব সঙ্গীতবোদ্ধা, সম্মানিত অতিথি ও গণমাধ্যম ব্যক্তিদের প্রতি আমি কৃতজ্ঞ।
প্রথম আলো ডিজিটাল ও চরকি’র চিফ ডিজিটাল অফিসার জাবেদ সুলতান পিয়াস বলেন, চরকি সবসময় মানসম্মত কনটেন্ট নিয়ে কাজ করে। ব্যান্ড তারকা লুমিনের কাজটি আমাদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। আশা করছি এই ব্যতিক্রমী মিউজিক্যাল ফিল্মটি দর্শকদের ভালো লাগবে এবং চরকি প্ল্যাটফর্মে বৃহৎ আকারে মুক্তি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের মহাব্যবস্থাপকবৃন্দ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কর্মকর্তারা, কর্পোরেট প্রধান নীতা চক্রবর্তী এবং চলচ্চিত্রের পরিচালক রাজিবুল হোসেন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন বিশিষ্ট সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, বামবার সভাপতি হামিন আহমেদ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. অনিমা রায়, ওয়ারফেজ ব্যান্ডের শিল্পী মিজান এবং যুগ্ম সচিব হায়াত উদ দোলা খান।
অনুষ্ঠান শেষে শিল্পী লুমিনকে হাসপাতালের পক্ষ থেকে ক্রেস্ট, ফ্রি মাস্টার হেলথ চেকআপ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা নাহিদা আফরোজ সুমি।

