রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীলের বিরুদ্ধে ফের রাজনৈতিক পক্ষপাতিত্ব ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নষ্টের অভিযোগ উঠেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের সনদের খামে ব্যবহৃত হয়েছে রাজনৈতিক স্লোগান শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও মর্যাদার পরিপন্থী। এর আগে পরীক্ষার খাতা ও প্র্যাকটিকাল খাতাতেও একই স্লোগান ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মৌমিতা বলেন, আমি প্রতিযোগিতায় তৃতীয় হয়ে সনদ পাই। পরে দেখি খামের ওপর শেখ হাসিনার স্লোগান। যাঁর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তাঁর স্লোগান কেন থাকবে? এটা ঘৃণিত এবং অপছন্দনীয়। আমরা স্বৈরাচারের কোনো গল্প মেনে নেব না।
তিনি আরও জানান, শুধু খাম নয়, পরীক্ষার খাতা ও প্র্যাকটিকাল খাতাতেও একই স্লোগান ব্যবহার হয়েছে। আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানাব।
এ বিষয়ে অধ্যক্ষ কালাচাঁদ শীল বলেন, এটি আমার অজান্তে হয়েছে। বিষয়টি জানার পরই তদন্ত কমিটি গঠন করেছি এবং সংশ্লিষ্ট বিভাগকে শোকজ করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি ইসলাম শিক্ষা ও আরবি বিভাগ খামগুলো সংরক্ষণ করেছিল। তদন্ত রিপোর্ট হাতে পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, এর আগেও পরীক্ষার খাতায় একই স্লোগান ব্যবহারের অভিযোগ উঠেছিল। তখন দ্রুত ব্যবস্থা নিয়ে সেগুলো অপসারণ করা হয়েছিল।
এই ঘটনার পর কলেজ ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ ধরনের ঘটনা দৃষ্টান্তমূলকভাবে প্রতিহত করা দরকার।
