জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল সন্ধ্যায় ঘোষণা করা সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম জানিয়েছেন, বিদ্যমান লোকবল দিয়ে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফলাফল প্রকাশ করা যেতে পারে।
তিনি বলেন, আমাদের হাতে যে পরিমাণ জনবল আছে, তাতে বিকেলের মধ্যে হলভিত্তিক ভোটগণনার কাজ শেষ করা সম্ভব হবে। আর রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা যাবে।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. লুৎফুল এলাহী বলেছিলেন, সন্ধ্যার পর চূড়ান্ত ফলাফল দেওয়া সম্ভব হবে।
এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল। একই সঙ্গে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে আরও চারটি প্যানেলের প্রার্থীরা।
এগুলো হলো—‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে একযোগে ভোটগ্রহণ হয়। মোট ২২৪টি বুথে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার ছিলেন ১১ হাজার ৮১৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী।

