ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে তারা সপ্তাহে দুই দিনের বেশি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, এবং কোনোভাবেই রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না।
বৃহস্পতিবার জারি করা পরিপত্রে এসব নিয়মসহ মোট আটটি নির্দেশনা দেওয়া হয়েছে, যা দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধু সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। নির্ধারিত সময়ের বাইরে তারা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না। সাক্ষাতের সময় অবশ্যই গলায় দৃশ্যমানভাবে কোম্পানির পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে।
এছাড়া, রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না, তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। চিকিৎসকদের টেবিলে বেসরকারি ওষুধ কোম্পানির দেওয়া ওষুধের তালিকা রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
হাসপাতাল ও চিকিৎসকদের কক্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় নিয়ে রোগীর ভোগান্তি এবং কর্মপরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ ছাড়া চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে অপ্রয়োজনীয় বা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখানোর প্রবণতাও ছিল।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনার উদ্যোগের অংশ হিসেবেই এই নতুন নির্দেশনা কার্যকর করা হলো।
