বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
পাশাপাশি দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে আগামী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমি-এর বেশি) বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম নগরে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের কারণে সাগর থেকে সঞ্চালনশীল মেঘমালা উপকূল হয়ে দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে বৃষ্টি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।
