নওগাঁর সাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ইমামসহ চারটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুর্ঘটনা ঘটে।
মাওলানা মো. আলতাফ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তার ঘরের চালায় আগুন ধরে গেলে মুহূর্তেই লেলিহান শিখায় নিজের এবং তিন ছেলে—আতিক বাবু, মেসবাউল হক ও সাখাওয়াত হোসেনের বাড়িঘর পুড়ে যায়। এতে আসবাবপত্র, ধান-চাল, নগদ অর্থ, হাঁস-মুরগি, কাপড়চোপড়, এমনকি পবিত্র কোরআন শরীফ, হাদিস ও বিপুল পরিমাণ ইসলামি বইপুস্তকসহ প্রায় ১৫–২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে সাপাহার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও কাঁচা রাস্তা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে অগ্নিনির্বাপক যন্ত্র ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন সাপাহার-পোরশা-নিয়ামতপুর আসনের বিএনপির সম্ভাব্য সংসদ প্রার্থী মাহমুদুস সালেহীন। তিনি ক্ষতিগ্রস্ত ইমাম আলতাফ হোসেনকে সান্ত্বনা দিয়ে বলেন, “তারেক রহমানের নির্দেশে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই আমি এসেছি। যদি মনোনয়ন পাই, ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
তিনি ভুক্তভোগী পরিবারের হাতে চাল, ডাল, কাপড় কেনার জন্য নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং পরবর্তীতে গৃহনির্মাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। স্থানীয় জামায়াতের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে কাপড়ও দেওয়া হয়।

