নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের দিলালপুর মৌজায় খাস পুকুর ও কবরস্থান দখলের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত সাপাহার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিশ্চিন্তপুর, বাদ নিশ্চিন্তপুর, মাইপুরসহ আশপাশের গ্রামের দুই থেকে তিন শতাধিক মানুষ এতে অংশ নেন।
এলাকাবাসীর অভিযোগ, কথিত ভূমিদস্যু আতাউর রহমান ও তার সহযোগীরা ৩৫ শতক খাস পুকুর এবং তৎসংলগ্ন প্রায় ৭৮ শতক কবরস্থানের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবহার করছেন। যুগ যুগ ধরে উক্ত জমি কবরস্থান হিসেবে ব্যবহৃত হলেও দখলদাররা সেখানে দাফন-কাফন কিংবা পুকুরের পানি ব্যবহার করতে গেলে নানা বাধা সৃষ্টি করে বলে অভিযোগ স্থানীয়দের।
মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থান ও খাস পুকুর জনসাধারণের সম্পত্তি। এটি দখলমুক্ত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
অভিযুক্ত আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সম্পত্তিটির রেকর্ড সংশোধনের জন্য নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে ১৬৩/২০১৯ অঃপ্রঃ মামলা চলমান রয়েছে এবং জমিদারের প্রদত্ত পত্তনের ভিত্তিতেই তারা ভোগদখল করছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
