সাবেক এমপি মমতাজ ছয় দিনের রিমান্ডে, আদালত চত্বরে ডিম-জুতা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

মানিকগঞ্জের হরিরামপুর ও সিংগাইরে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে দুইটি আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারকরা এই আদেশ দেন।

মানিকগঞ্জ আদালত পুলিশের ওসি আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। প্রথমে হরিরামপুরের একটি নাশকতার মামলায় মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক আইভি আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সিংগাইরের একটি হত্যা মামলায় মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আব্দুন নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির সময় আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ও বিএনপির নেতাকর্মীরা মমতাজ বেগমের শাস্তির দাবিতে স্লোগান দেন এবং তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুঁড়ে মারেন।

২০১৩ সালের একটি ঘটনার সূত্র ধরে দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগমকে প্রধান আসামি করা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, ওই বছরের একটি হরতালে সিংগাইরের গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুরে দলীয় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা দেলোয়ার হোসেন আরেকটি মামলা করেন, যেখানে মমতাজের নাম রয়েছে।

এর আগে চলতি মাসের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গোয়েন্দা পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে।

২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচনে জয় পান। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন এক স্বতন্ত্র প্রার্থীর কাছে, যিনি আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *