সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক (অব.) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারের পর সাবেক প্রধান বিচারপতিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন। তবে বিচারপতি হিসেবে তার মেয়াদ নানা বিতর্কে ঘেরা ছিল।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে তার গ্রেফতার ও বিচারের দাবি তোলে। তারা অভিযোগ করে, খায়রুল হক বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছেন এবং গণতন্ত্র ধ্বংসের অন্যতম প্রধান কারিগর ছিলেন।

প্রধান বিচারপতি থাকাকালীন তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন—যা দেশে রাজনৈতিক অস্থিরতার পথ খুলে দেয় বলে অনেকে মনে করেন। এছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি না দেওয়ার রায়, আগাম জামিনের অধিকার সীমিত করা, এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের মতো সিদ্ধান্ত তাকে বিতর্কিত করে তোলে।

তার বিরুদ্ধে ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান তার বিরুদ্ধে মামলা করেন, যেখানে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তনের অভিযোগ আনা হয়।

আওয়ামী লীগ সরকারের শেষ দিকে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি ১৩ আগস্ট পদত্যাগ করেন এবং এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *