সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল রাজবংশী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন শিল্পী রানী ও সুশান্ত রাজবংশী। ঘটনার পর নিহতের পরিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, প্রতিবেশী নারায়ণ রাজবংশীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে নারায়ণ রাজবংশী ও তার সহযোগীরা মিলে বিমল রাজবংশীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় বিমলকে বাঁচাতে গিয়ে শিল্পী রানী ও সুশান্ত রাজবংশীও মারধরের শিকার হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”
