সাভারে দৃষ্টি প্রতিবন্ধীদের মানববন্ধন: সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে মার্কেট রক্ষার দাবি

By সাভার প্রতিনিধি:

2 Min Read

সাভারে এনএফভিআই শপিং কমপ্লেক্সকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার চার শতাধিক সদস্য। শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী নজরুল ইসলাম ওরফে ‘মুরগি নজরুল’ এবং তার নেতৃত্বাধীন চক্র দীর্ঘদিন ধরে এই মার্কেটের দখল ও চাঁদাবাজিতে লিপ্ত। তারা সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের হুমকি-ধমকি, চাঁদা দাবি, সন্ত্রাসী তৎপরতা এবং অস্ত্রের ভয় দেখিয়ে ভয়ভীতি ছড়াচ্ছে।

সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, পতিত সরকারের সময় থেকেই নজরুল চক্রটি মার্কেটে দখল-চাঁদাবাজি করে আসছে। পবিত্র ঈদুল আজহার আগে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তা না পেয়ে ইনচার্জ আব্দুর রহিমকে হত্যাচেষ্টাও করা হয়।

তিনি আরও জানান, দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে পরিচালিত এই মার্কেট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সারা দেশে তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন, ঘর নির্মাণ, চিকিৎসা ও দাফনের মতো কাজে সহায়তা করা হয়। কিন্তু সন্ত্রাসীদের হুমকিতে এখন পুরো ব্যবস্থাপনাই হুমকির মুখে।

সংস্থার পক্ষ থেকে এ সময় সরকারের প্রতি আহ্বান জানানো হয়, সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের এই মার্কেট নির্বিঘ্নে পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সংস্থার চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মোকলেসুর রহমান, যুগ্ম মহাসচিব এস এম ইউনুসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হালেম মাতব্বরসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *