সামনের দিনগুলো ভালো নয়, অনেক কঠিন সময় অপেক্ষা করছে: তারেক রহমান

দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনীতে দীর্ঘ বক্তব্যে তারেক রহমান সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য, ইতিহাস বিকৃতির অভিযোগ, ধর্মীয় মূল্যবোধের অপব্যবহার, সম্ভাব্য রাজনৈতিক সংকট এবং দুর্নীতি–আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন।

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় ‘অমুককে দেখলাম, এবার অমুককে দেখুন’ এ ধরনের প্রচারণা চালাচ্ছে, যা ইতিহাসের ভয়াবহ অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়। তিনি দাবি করেন, যাদের নিয়ে এমন কথা বলা হচ্ছে, তাদের ভূমিকা জাতি একাত্তর সালেই দেখে নিয়েছে।

রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তৃতায় তারেক রহমান বলেন, ১৯৭১ সালে কিছু শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং নারীর প্রতি সহিংসতা ঘটিয়েছিল যা ভুলে যাওয়ার নয়। তিনি অভিযোগ করেন, বর্তমানে কেউ কেউ সেই ইতিহাসকে পাশ কাটিয়ে একই গোষ্ঠীকে ‘পুনরায় দেখার’ আহ্বান জানাচ্ছে, যা জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা।

ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ টেনে তারেক রহমান দাবি করেন, কিছু রাজনৈতিক মহল বিভিন্ন ‘টিকিট’ বা ‘কনফার্মেশন’ দেওয়ার নামে অযৌক্তিক প্রতিশ্রুতি দিচ্ছে, যা তার ভাষায় ‘শিরক’-এর পর্যায়ে পড়ে। তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের ঘরে ঘরে গিয়ে এসব ভ্রান্ত প্রচারণার বিরুদ্ধে সতর্ক করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যে আবারও সতর্ক করে বলেন, ৫ আগস্টের পর থেকে সামনে কঠিন সময় আসছে এবং নানামুখী ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণকে সঙ্গে রাখাই একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির শৃঙ্খলাবদ্ধ করাকেই বিএনপির সরকারের সম্ভাব্য প্রথম অগ্রাধিকার বলে উল্লেখ করেন তারেক রহমান। তার মতে, এ দুটি ক্ষেত্রকে নিয়ন্ত্রণে আনতে না পারলে স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিসহ সব খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি দাবি করেন, অতীতে বিএনপি এই সক্ষমতা দেখিয়েছে এবং সুযোগ পেলে ভবিষ্যতেও তা প্রমাণ করতে পারবে।

বক্তৃতায় বিএনপির নীতি নির্ধারণী পরিকল্পনার অংশ হিসেবে যুবসমাজের বেকার সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে দলের অবস্থানও তুলে ধরেন তিনি।

এ ছাড়া কিছু রাজনৈতিক দলের নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিএনপির ওপর অতীতে চালানো প্রোপাগান্ডার মতোই এখনো মিথ্যা প্রচার চলছে। তবে ‘নিরপেক্ষ আদালত’-এ সেই অভিযোগগুলো প্রমাণিত হয়নি বলে তিনি দাবি করেন এবং বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি অতীতেও সফল ছিল।

- Advertisement -

অনুষ্ঠানে ‘দেশ গড়া পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভীর সভাপতিত্বে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন। পরে ছাত্রদল নেতাকর্মীদের প্রশ্নের জবাব দেন উপস্থিত আলোচকরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *