সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া–কাজিপুর আঞ্চলিক সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ শামিম হোসেন (৪৫)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের মৃত হারুন শেখের পুত্র।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর একটি মালবাহী ট্রাক (গাছের গুঁড়ি বোঝাই) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে খাদে পড়ে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতির জন্য থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
