সিরিজ শুরুর দিনেই বড় হারে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

কলম্বোতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের সামনে ২৪৫ রানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ভালো শুরু হলেও মাত্র ৫ রানের ব্যবধানে হারায় ৭টি উইকেট। সেই ধস সামাল দিতে না পেরে পুরো দল থেমে যায় ১৬৭ রানে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৯.১ ওভারে গুটিয়ে যায় ২৪৪ রানে। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ছিল বেশ ইতিবাচক। উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম মিলে তোলেন ২৯ রান। ইমন ফিরলেও তামিম ও নাজমুল হোসেন শান্ত দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু শান্ত রানআউট হয়ে গেলে ছন্দপতন হয় দলের।

২৬ বলে ২৩ রান করে শান্ত বিদায় নেওয়ার পর পরই ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। অর্ধশতক করা তানজিদ (৬২) ফিরতেই একে একে বিদায় নেন তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। দ্রুত উইকেট পতনে একসময় ১০০ থেকে ১০৫ রানেই ৭ উইকেট হারায় দল।

শেষদিকে জাকের আলী অনিক এক প্রান্ত আগলে রেখে কিছুটা লড়াই করলেও ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আগের ব্যাটারদের দায়িত্বহীনতায় সেই লড়াইও অর্থহীন হয়ে যায়।

সিরিজে ফিরতে হলে এখন পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই মিরাজদের।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *