জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির সুগন্ধা নদীতে অনুষ্ঠিত হলো জেলেদের নৌকা বাইচ। রোববার (২৪ আগস্ট) বিকেলে কিস্তাকাঠি খেয়াঘাট থেকে শুরু হয়ে পৌর মিনি পার্কে গিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা।
প্রতিটি নৌকায় ছিলেন ৫ জন করে জেলে। প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রথম স্থান অর্জন করে সোবাহান হাওলাদারের দল। দ্বিতীয় হয় মাহাবুব সিকদারের দল এবং তৃতীয় স্থান লাভ করে হাফিজুল ইসলামের দল। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি নৌকা বাইচকে বাংলার আবহমান ঐতিহ্য উল্লেখ করে একে লালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং কাঠালিয়া ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম।
