সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে সুন্দরবনের কোল ঘেঁষে মালঞ্চ নদীর চর দখল করে গড়ে তোলা ‘এ অ্যান্ড এন ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ নামের একটি রিসোর্ট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকাল থেকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মৌখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে নদীর জমি দখল করে অবৈধভাবে স্থাপনাটি নির্মাণ করা হয়। এর আগে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও মালিকপক্ষ তা মানেনি। ফলে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ভূমি কর্মকর্তা (তহশিলদার) সঞ্জয় রায়। উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড-১ শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম, বন বিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ফরেস্টার ফাইয়াজুর রহমান এবং নীলডুমুর ট্যুরিস্ট পুলিশের এসআই সুজিত সরকার।
তহশিলদার সঞ্জয় রায় বলেন, “নদীর জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নির্দেশনা মানা হয়নি বলেই আমরা উচ্ছেদে নেমেছি।”
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, রিসোর্ট কর্তৃপক্ষ আগে সাত দিনের সময় নিলেও নির্ধারিত সময়ে অবৈধ স্থাপনা অপসারণ করেনি। তাই রবিবার সকাল থেকে শ্রমিক নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। দুপুর পর্যন্ত ট্রেইল, পন্টুন, জেটিসহ বেশ কিছু স্থাপনা এবং বাঁধের উপর নির্মিত কয়েকটি কক্ষ ভেঙে ফেলা হয়।
উল্লেখ্য, খুলনার মাহাবুব আলম নামে এক ব্যক্তি মালঞ্চ নদীর তীরে এ রিসোর্টটি নির্মাণ করেন। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে নদীর চর দখল করে প্রভাবশালী চক্রগুলো একের পর এক অবৈধ স্থাপনা তুলছে। এতে পরিবেশ ও নদী রক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদীরা।

