সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ মৃত্যু, আহত ৬৮২

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

গত সেপ্টেম্বর মাসে সারাদেশে মোট ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং অন্তত ৬৮২ জন আহত হয়েছেন। একই সময়ে ১৭টি নৌদুর্ঘটনায় ২১ জনের মৃত্যু ও ৬ জন নিখোঁজ রয়েছেন, আর ২৯টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন, আহত হয়েছেন আরও ১৩ জন।

শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর এবং সংগঠনটির নিজস্ব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু। শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৫১টি, এতে নিহত হয়েছেন ১৪৩ জন— যা মোট নিহতের ৩৪ দশমিক ২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া ১১২ জন পথচারী, ৫৬ জন চালক ও সহকারী এবং ৪৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন গত মাসে।

দুর্ঘটনাগুলোর মধ্যে জাতীয় মহাসড়কে ১৬১টি, আঞ্চলিক সড়কে ১৩৯টি, গ্রামীণ সড়কে ৫৭টি এবং শহরের সড়কে ৮৯টি দুর্ঘটনা ঘটেছে। প্রকারভেদে দেখা যায়, ৯২টি মুখোমুখি সংঘর্ষ, ১৭১টি নিয়ন্ত্রণ হারানো, ১১৯টি পথচারী চাপা বা ধাক্কা, ৫৮টি যানবাহনের পেছনে ধাক্কা এবং ৬টি অন্যান্য কারণে সংঘটিত হয়েছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ১২৪ জনের, বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় নিহত ১৪ জন। একক জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে— যেখানে ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন মারা গেছেন। সবচেয়ে কম মৃত্যু ঘটেছে মাগুরায়— ৮টি দুর্ঘটনায় নিহত ১ জন। রাজধানী ঢাকায় সেপ্টেম্বর মাসে ৪২টি দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু ও ৩৩ জনের আহত হওয়ার ঘটনা ঘটে।

প্রতিবেদনটি উল্লেখ করে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত গতি, অদক্ষ চালক, শারীরিক বা মানসিক অসুস্থতা, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে। এ অবস্থায় প্রযুক্তিভিত্তিক নজরদারি ও চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ জরুরি। পাশাপাশি, বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে মৃত্যুর হার বাড়ছে, যা কমাতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনমুখী সচেতনতা প্রচার জোরদার করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *