জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে ছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ খিঁচুনি শুরু হয় এবং পরে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা একসাথে বসেছিলাম। হঠাৎ হাসিবুর বুকে ব্যথার কথা বলে। দ্রুত ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” শুক্রবার রাত ১২টায় ক্যাম্পাসে হাসিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
