বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০)। দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিল নিয়ে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোড়া গুলিতে জুবায়েরের বাঁ কাঁধে আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ হন।
ঘটনার পর ২২ আগস্ট জুবায়ের নিজেই উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন। এতে ১১ জনকে নামীয় আসামি ও অজ্ঞাতনামা ১৫০–২০০ জনকে আসামি করা হয়। মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শমী কায়সারের নামও অন্তর্ভুক্ত হয়।
এর আগে চলতি বছরের ৯ এপ্রিল ঢাকার সিএমএম আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন। ৫ নভেম্বর রাতেই রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত রিমান্ডে পাঠান।
শমী কায়সার গত ৮ ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে তিন মাসের জামিন দেন। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালত জামিন স্থগিত করেন।
