হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

রাজধানীতে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ শনিবার বিকেল ৩টায় বিক্ষোভ ও সংহতি সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত সোয়া ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরও সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান।

সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় গণঅধিকার পরিষদের কর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালান।

গণঅধিকার পরিষদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালায়। অন্যদিকে জাপার অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকেই তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে।

ঘটনাস্থলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন। রাশেদ খানও আহত হয়েছেন বলে তার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে। হামলার প্রতিবাদে সংগঠনটি মশাল মিছিলেরও ডাক দিয়েছে।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এক বিবৃতিতে অভিযোগ করেন, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *