৩৩ ওষুধের দাম কমাল ইডিসিএল, ছাঁটাই হচ্ছে অদক্ষ কর্মী

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) ৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। বুধবার (১৩ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা।

তিনি জানান, সিন্ডিকেট ভেঙে যৌক্তিক দামে কাঁচামাল সংগ্রহের ফলে উৎপাদন খরচ কমেছে, যার সুফল হিসেবে ওষুধের দাম হ্রাস করা সম্ভব হয়েছে। দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিনজাত ওষুধ। বিশেষভাবে ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ও অনডানসেট্রন ইনজেকশন, সেফট্রিয়াক্সোন, সেফটাজিডিম ও মেরোপেন ইনজেকশনের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

মনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রামীণ ক্লিনিকে সরবরাহকৃত ৩২ প্রকার ওষুধের মধ্যে ২২টির দামও কমানো হয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টাসিড, প্যারাসিটামল, সালবিউটামল, অ্যালবেনডাজল, ক্লোরামফেনিকল আই ড্রপ ও মেটফর্মিন।

কর্মী ছাঁটাই প্রসঙ্গে সামাদ মৃধা জানান, উৎপাদন সক্ষমতার তুলনায় প্রতিষ্ঠানে দুই হাজারের বেশি অতিরিক্ত জনবল ছিল, যাদের অনেকে অদক্ষ বা জাল সনদধারী এবং কার্যত কোনো কাজ করতেন না।

এ কারণে ৭২২ জনকে ইতোমধ্যে ছাঁটাই করা হয়েছে, এবং প্রতিষ্ঠান স্বার্থে আরও এক হাজারের বেশি জনবল বাদ দেওয়া হতে পারে। ছাঁটাই হওয়া কর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *