৯৯৯ কল দিয়ে নিজেই আটক হলেন শীলা মেম্বার

By কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি :

3 Min Read

৯৯৯ এ কল দিয়ে নিজেই আটক হলেন আওয়ামী লীগ নেত্রী শীলা। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে দশটায় বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা পারভিন শিলা খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। সে ওই ইউনিয়নের পালাতক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফহম ফকিরের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খাদিজা আক্তার শিলা ফহম ফকিরের স্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী ও ইউ পি সদস্য হওয়ায় প্রভাব দেখিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে টিউবওয়েল, ঘর ও কার্ড ইত্যাদি দেওয়ার কথা বলে বছরের পর বছর প্রতারণা করে আসছে। প্রভাবশালী হওয়ায় তার কাছ থেকে কেউ টাকা আদায় করে নিতে পারে নাই। ঘটনার দিন শুক্রবার ভোরে স্থানীয় হিরাঙ্গীর নামক জনৈক ব্যক্তি শীলা মেম্বারের বাড়িতে যায় এবং তাকে ঘর বাবদ দেওয়া ১৪ হাজার টাকার মধ্যে কিছু টাকা ফেরত চাই।

সে বলে তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কাছে টাকা নেই, তাকে চিকিৎসা করাতে হবে। এ কথায় উত্তেজিত হয়ে শীলা মেম্বার চাঁদার অভিযোগে ৯৯৯ এ কল দেয়। কিছুক্ষণ পরে পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ও গণ্যমান্য ব্যক্তি বর্গ হাজির হয়। সেই সাথে খবর পেয়ে শীলা মেম্বারের কাছে ঘর টিউবওয়েল কার্ড ইত্যাদি বাবদ টাকা দেওয়া শতাধিক ভুক্তভোগী উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে শীলা মেম্বারকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীগণ শীলা মেম্বারের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।

খানপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কবির হাওলাদার বলেন, ৫ আগস্ট এর আগে এই ইউনিয়ন শীলা মেম্বারের কথায় চলতো। সে ইউনিয়নের শত শত লোকের কাছ থেকে সরকারি ঘর, গভীর নলকূপ এবং বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলে নগদ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে। মিথ্যা মামলা ও শালীশ বিচারের মাধ্যমে অবৈধ টাকা উপার্জন করেছে। ৫ তারিখের পরে বাড়িতে থাকলেও তাকে কেউ হয়রানি করে নাই। কিন্তু আজ এলাকার এক ব্যক্তির নামে পুলিশের কাছে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয় এবং তাকে আটকের দাবি জানায়। সে প্রতিবন্ধীদের টাকাও আত্মসাৎ করেছে। অনেক দরিদ্র অসহায় লোক তার কাছে টাকা পাবে। প্রশাসনের উচিত হবে তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

খাদিজা আক্তার শিলার কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন এগুলো রাজনৈতিক বিষয়। এ বিষয়ে আমি আর কোন কথা বলতে চাই না।

এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, পুলিশ খবর পেয়ে খানপুর এলাকা থেকে খাদিজা আক্তার শীলাকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *