ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমেরে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডে অন্তত ১৯ যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়সলম থেকে জোধপুরগামী যাত্রীবাহী ওই বাসে আগুন লাগার এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে রওনা দেয়। জয়সলম–জোধপুর মহাসড়কে পৌঁছালে হঠাৎ বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক সঙ্গে সঙ্গে বাসটি রাস্তার পাশে থামালেও মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক যাত্রী বাস থেকে নামতে না পেরে পুড়ে মারা যান। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। জয়সলমের জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা কালেক্টর প্রতাপ সিং আহতদের দ্রুত চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন।
মর্মান্তিক এ ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যথাযথ সহায়তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।
