নিষিদ্ধ থেকে সংসদে: জামায়াতে ইসলামীর উত্থান, বিতর্ক ও রাজনৈতিক বাস্তবতা

কাওসার হোসেন :

5 Min Read

স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত প্রত্যাবর্তনের গল্পগুলোর একটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সংসদীয় রাজনীতিতে ফিরে আসা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গণহত্যায় অভিযুক্ত নিষিদ্ধ হওয়া একটি দল কীভাবে আবার জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হলো; এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের রাষ্ট্রগঠন, সংবিধান পরিবর্তন, সামরিক শাসন ও জোট রাজনীতির বাস্তবতা বিশ্লেষণ করা জরুরি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন আইনি জটিলতা, নিবন্ধন সংকট ও নেতৃত্বের বিচারপ্রক্রিয়ার পরও দলটির এমন সাফল্য অনেকের কাছে বিস্ময়কর। বিশ্লেষকরা বলছেন, এ ফলাফলের পেছনে একাধিক রাজনৈতিক ও সামাজিক কারণ কাজ করেছে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী নিষিদ্ধ রাজনীতি

১৯৭২ সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা থাকায় দলটি কার্যত রাজনীতি থেকে ছিটকে পড়ে। এই সময় তাদের সাংগঠনিক কাঠামো ভেঙে যায় এবং নেতৃত্বের একটি অংশ দেশের বাইরে চলে যায়।

তবে প্রশ্ন উঠেছে, দলটিকে নিষিদ্ধ করে কি তাদের রাজনৈতিক প্রভাব পুরোপুরি নির্মূল করা গিয়েছিল? বাস্তবতা বলছে, সংগঠিত সামাজিক নেটওয়ার্ক ও আদর্শিক ভিত্তি টিকে ছিল আড়ালে।

মানবতাবিরোধী অপাধের দায়ে ফাঁসির পর কাদের মোল্লার লাশ অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি – সংগৃহীত।

রাজনৈতিক পটপরিবর্তন ও পুনর্বাসন

১৯৭৫-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন এবং বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের মাধ্যমে জামায়াতের পুনর্বাসনের পথ তৈরি হয়। ১৯৭৯ সালের নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থীদের অংশগ্রহণ ছিল সেই প্রত্যাবর্তনের সূচনা। সমালোচকদের মতে, এটি ছিল রাষ্ট্রীয় নীতির ধারাবাহিকতার পরিবর্তনের ফল।

নব্বইয়ের গণআন্দোলনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে দলটি সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে ফিরে আসে। ১৯৯১ সালের নির্বাচনে তারা সংসদে ২০টি আসন পায় যা প্রায় মোট ভোটের ১২ শতাংশ এবং ক্ষমতার ভারসাম্যে প্রভাবক শক্তি হয়ে ওঠে।

জোট রাজনীতি ও ক্ষমতার অংশীদারিত্ব

- Advertisement -

২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে জামায়াত ১৭টি আসনে জয়লাভ করে এবং সরকারে অংশ নেয়। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া ছিল তাদের রাজনৈতিক বৈধতার বড় অর্জন। তবে এখানেই বিতর্ক তীব্র হয়। সমালোচকরা প্রশ্ন তোলেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক অতীত থাকা সত্ত্বেও কীভাবে দলটি রাষ্ট্রক্ষমতার অংশ হলো? সমর্থকরা পাল্টা যুক্তি দেন গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটই চূড়ান্ত বৈধতা নির্ধারণ করে।

আইনি সংকট ও রাজনৈতিক চ্যালেঞ্জ

২০১৩ সালে উচ্চ আদালতের রায়ে দলটির নিবন্ধন বাতিল হয়, ফলে দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ হারায় জামায়াত। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের শীর্ষ নেতাদের বিচার ও ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় সংগঠনটি বড় ধাক্কা খায়।

- Advertisement -
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্যাপক জনআন্দোলন যা গণজাগরণ মঞ্চ নামে পরিচিত পায়। ছবি – সংগৃহীত।

এই পর্যায়ে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়, সংগঠন কি টিকে থাকবে, নাকি প্রান্তিক শক্তিতে পরিণত হবে?

পুনরায় সংসদে প্রভাব?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন আইনি জটিলতা, নিবন্ধন সংকট ও নেতৃত্বের বিচারপ্রক্রিয়ার পরও দলটির এমন সাফল্য অনেকের কাছে বিস্ময়কর। বিশ্লেষকরা বলছেন, এ ফলাফলের পেছনে একাধিক রাজনৈতিক ও সামাজিক কারণ কাজ করেছে।

বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুই প্রধান শক্তিকে ঘিরে আবর্তিত হলেও সাম্প্রতিক সময়ে ভোটারদের একটি অংশ বিকল্প শক্তির দিকে ঝুঁকেছে। বড় দলগুলোর প্রতি অসন্তোষ থেকে কিছু ভোটার কৌশলগতভাবে জামায়াত-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল ত্রিমুখী বা চতুর্মুখী, সেখানে সংগঠিত ভোটব্যাংক বড় ভূমিকা রেখেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা, ছবি – নিউজনেক্সট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই জামায়াতের শক্তি ছিল তাদের তৃণমূলভিত্তিক সাংগঠনিক কাঠামো। ছাত্র, পেশাজীবী ও সামাজিক সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা নেটওয়ার্ক এখনো অনেক এলাকায় কার্যকর। নির্বাচনী প্রচারণায় এই সাংগঠনিক শৃঙ্খলা ও সমন্বয় ফলাফলে প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

গত এক দশকে দলটির শীর্ষ নেতাদের বিচার ও দণ্ড কার্যকর হওয়াকে কেন্দ্র করে একটি অংশের মধ্যে সহানুভূতির মনোভাব তৈরি হয়েছে। এই সহানুভূতি আদর্শিক সমর্থনের সঙ্গে মিলিত হয়ে কিছু এলাকায় দৃঢ় ভোটে রূপ নিয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে ধর্মীয় ও মূল্যবোধভিত্তিক রাজনীতির আবেদন কার্যকর ছিল বলে বিশ্লেষণ পাওয়া যাচ্ছে।

আদর্শিক বিতর্ক থাকবে

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই ফলাফল দলটির দীর্ঘমেয়াদি রাজনৈতিক পুনরুত্থানের নিশ্চয়তা নয়। সাংবিধানিক অবস্থান, নিবন্ধন সংকট এবং জাতীয় রাজনীতিতে গ্রহণযোগ্যতার প্রশ্ন এখনো পুরোপুরি সমাধান হয়নি। এছাড়া শহুরে মধ্যবিত্ত ও তরুণদের বড় অংশের মধ্যে আদর্শিক বিতর্ক রয়ে গেছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতের ভালো ফলাফল প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে সাংগঠনিক শক্তি, কৌশলগত জোট এবং আদর্শিক ভোট সব মিলিয়েই ফল নির্ধারিত হয়। তবে এই সাফল্যকে টেকসই রাজনৈতিক শক্তিতে রূপ দিতে হলে দলটিকে সাংগঠনিক আধুনিকায়ন, বিস্তৃত গ্রহণযোগ্যতা এবং বাস্তবমুখী কর্মসূচি নিয়ে এগোতে হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *