ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সংসদ সচিবালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা সংসদীয় কার্যক্রম পরিচালনায় স্পিকারকে সহায়তা করবেন এবং সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
হুইপ হিসেবে দায়িত্ব পাওয়া সংসদ সদস্যরা হলেন, হবিগঞ্জ-৩ আসনের মো. জি কে গউছ, খুলনা-৩ এর রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ এর মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।
