বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক মাহবুব মোর্শেদ। কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত রাতে বাসসের ওয়েবসাইটে দেখা যায়, এমডি ও প্রধান সম্পাদকের তালিকায় মাহবুব মোর্শেদের নাম আর নেই।
এর আগে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ আগস্ট তাকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছিল।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১৯ ফেব্রুয়ারি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
