রাজশাহীতে কোল্ড স্টোরেজ ডাকাতি: সিআইডির অভিযানে গ্রেফতার ২, উদ্ধার মালামাল

সজল মাহমুদ, রাজশাহী:

2 Min Read

রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে সাজেদুল শেখ ও রুবেল নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর জানান, গত ৭ আগস্ট রাতের অন্ধকারে শ্রমিকদের হাত-পা বেঁধে দেশ কোল্ড স্টোরেজ থেকে ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে ডাকাতদল। মামলার পর প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেফতার ও চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ সুপার জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—সিরাজগঞ্জের বেলকুচির সাদেক ও তার ছেলে হাসান ঢাকায় বসে ৫০ সদস্যের ডাকাত চক্র পরিচালনা করেন। তাদের নেতৃত্বে ১৪ জন ডাকাত রাজশাহীর কোল্ড স্টোরেজে অংশ নেয়। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও জানান, রাজশাহীর অভিযানে অংশ নেওয়া ডাকাত দলের ৮ সদস্য নাটোর চিনিকলে ডাকাতির সঙ্গে জড়িত ছিল এবং রংপুর চিনি কলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই চক্রের অধিকাংশ সদস্য সিরাজগঞ্জের বাসিন্দা, যারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে। দলের দুজন সারাদেশে ঘুরে সম্ভাব্য ডাকাতির টার্গেট নির্ধারণ করে তথ্য সরবরাহ করে। প্রতিটি অভিযানে ১০-১৫ জন অংশ নেয় এবং প্রত্যেকে ১৫-৩০ হাজার টাকা পারিশ্রমিক পায়।

সিআইডি জানায়, ডাকাতির জন্য তারা নম্বরবিহীন দুটি পিকআপ ভ্যান ব্যবহার করে এবং মোবাইল ফোন ও সিম একবার ব্যবহার করে ফেলে দেয়। দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *