সাইবার জুয়া চক্রের হাজার কোটি টাকার লেনদেন, ৪৪৫ ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
প্রতীকী ছবি।

সাইবার স্পেসে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দাখিল করা আবেদনের পর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, সিটি ব্যাংক পিএলসির সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারণার শিকার হয়ে পাঁচটি ব্যাংক হিসাবে মোট ৫১ লাখ ১২ হাজার টাকা জমা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তদন্তে দেখা যায়, ওই অর্থের সঙ্গে সংশ্লিষ্ট এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদারসহ ৬১ ব্যক্তি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত ৫৯৫টি হিসাবে প্রায় এক হাজার ২১২ কোটি টাকা জমা এবং এক হাজার ২০৭ কোটি টাকা উত্তোলনের নজির রয়েছে।

সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, এসব হিসাবের লেনদেন পর্যালোচনায় প্রতারণা, অনলাইন গেমিং ও বেটিং, সাইবার স্পেসে জুয়া, হুন্ডি, দেশি-বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয় এবং শুল্ক ফাঁকির মতো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এ কারণে অপরাধের সঙ্গে জড়িত অর্থের লেনদেন বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *