স্মার্ট শ্রেণিকক্ষ ও গবেষণায় সহায়তা বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমে এর সৌজন্য সাক্ষাৎ বৈঠক অনুষ্ঠিত। ছবি: পিআইডি

দেশের শিক্ষা খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমের সৌজন্য সাক্ষাৎ বৈঠকে এসব বিষয় উঠে আসে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং ভবিষ্যতে আরও কার্যকর ফলাফল নিশ্চিত করা জরুরি।

বৈঠকে উল্লেখ করা হয়, দেশে শিক্ষার্থী ভর্তির হার বাড়লেও সাক্ষরতা, শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালু এবং কর্মসংস্থানমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর গবেষণা সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী ড. এহসানুল হক মিলন।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *