প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ১৪টি এলাকায় এই কর্মসূচি শুরু হয়েছে। বর্তমানে প্রায় ৩৭ হাজার নারী এতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারী এই সুবিধার আওতায় এসেছেন।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের কাছে জবাবদিহি নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে দেশের সব নারীপ্রধান পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।
