ফরহাদ মজহারকে অপহরণ মামলা পুনঃতদন্ত করবে পিবিআই

3 Min Read

নিউজনেক্সট ডেস্ক (বাসস) :

প্রাবন্ধিক, কলামিস্ট ও কবি ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় করা মামলাটি পুনরায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান মঙ্গলবার এ আদেশ দেন।

আজ আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ মামলাটি পুনরায় তদন্ত করে আগামী ২৭ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের ১ নম্বর হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মাজহার। পরে স্ত্রীকে নিজের মোবাইল ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ছয়বার কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এবং ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে।

ফরহাদ মজহারের নিখোঁজের ঘটনায় ওই দিন রাতেই স্ত্রী (বর্তমান মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা) ফরিদা আক্তার বাদী হয়ে আদাবর থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর অপহরণের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।

একইসঙ্গে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগে দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় ফরহাদ মজহার ও অপহরণ মামলার বাদী তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরের অনুমতি চান তদন্ত কর্মকর্তা।

- Advertisement -

অন্যদিকে তদন্তকারী কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।

শুনানি শেষে সে বছরের ৭ ডিসেম্বর সকালে বাদীপক্ষের নারাজি মঞ্জুর করেন। কিন্তু বিকেলে নারাজি আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট খুরশীদ আলমের আদালত। একইসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে বাদীপক্ষের (ফরহাদ মজহার-ফরিদা) বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরের অনুমতি প্রদান করেন।

পরে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে প্রসিকিউশন মামলা আমলে নিয়ে ৩১ ডিসেম্বর ফরহাদ মজহার ও মামলার বাদী তার স্ত্রী ফরিদা আক্তারকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুব্রত ঘোষ শুভ।

- Advertisement -

এদিকে নারাজি নামঞ্জুরের ঘটনায় বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটির পুনরায় তদন্তের জন্য একটি রিভিশন মামলা দায়ের করেন।

সম্প্রতি রিভিশন শুনানি শেষে মামলায় বাদীর নারাজির ওপর পুনরায় শুনানির আদেশ দেন ঢাকা ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম।

পরে গতকাল শুনানি শেষে বাদীপক্ষের নারাজি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *