ফেনীর সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে পুশ-ইন করল ভারতীয় বিএসএফ

আব্দুল্লাহ আল মামুন, ফেনী : 

1 Min Read

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ছয়টি পরিবারের অন্তর্ভুক্ত ২৪ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোররাতে ছাগলনাইয়া উপজেলার খেজুরিয়া এবং ফুলগাজী উপজেলার যশপুর সীমান্ত দিয়ে এ পুশ-ইন ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, পুশ-ইন হওয়া ২৪ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবি এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বিএসএফ ভোর রাতে ২৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করি এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করি।”

এদিকে, কূটনৈতিক নীতিমালার বাইরে ভারতীয় বাহিনীর এ ধরনের একতরফা পুশ-ইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা। তারা বলেন, সীমান্তে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক এবং এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।

বিষয়টি নিয়ে এখনও ভারতীয় হাইকমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *