এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে : ইনকিলাব মঞ্চ

সুস্মিতা মুন্সি, ঢাবি প্রতিনিধি :

3 Min Read

জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচনের দাবিতে জাতীয় সরকার গঠনের আহবান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি। শনিবার (২৪ মে) জুলাই জনতার জাতীয় ঐক্য বিনির্মাণে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে শরিফ উসমান বলেন, যদি জাতীয় সরকার গঠন করতে না পারেন তাহলে জাতীয় ঐক্য কাউন্সিল গড়ে তোলেন। জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান হবেন ড. মুহাম্মদ ইউনূস। সকল রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে থাকবেন। তাদের সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের মতো। তারা মন্ত্রী হবেন না, উপদেষ্টা হবেন না কিন্তু ওয়াচডগ হিসেবে কাজ করবেন।

জুলাই আন্দোলনকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুক্ষিগত করেছে বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

তার ভাষ্যে, এনসিপির ভুল তিনটা। এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং এই ঐক্য মূলত নষ্ট করেছে এনসিপি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,আগামী কয়েক মাস সরকারকে তিন দাবিতে (বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচন) জাতীয় সরকার গঠন করার দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল নিয়ে এই জাতীয় সরকার গঠন করেন।

বিএনপি অসুবিধার সৃষ্টি করলে তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে। জামায়াত অসুবিধা করলে তাদেরও জবাবদিহি করতে হবে। এই সরকারের মেয়াদ হবে অন্তত দশ মাস থেকে এক বছর পর। কেননা অন্তবর্তীকালীন সরকার জুলাইয়ে নির্বাচনের কথা বলেছেন। এর মেয়াদ কাল আপনারা ঠিক করবেন।

হাদী বলেন, জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই শহীদ পরিবার কিংবা যারা এই আন্দোলনে শরিক হয়েছে তাদেরকে ভারত আর আওয়ামী লীগ কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র হলে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে।

এ সরকারের মধ্যে যারা আওয়ামী লীগকে চায় তাদের নৈতিক পরাজয় হয়েছে নিষিদ্ধের মাধ্যমে। তাদের চূড়ান্ত পরাজয় হবে জুলাই সনদ তৈরি হলে। তিনি বলেন, সরকার ও সেনাবাহিনী এ মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে সেটি স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আওয়ামী লীগের সুবিধাভোগী।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে হাদি বলেন, আপনার কোন এখতিয়ার নাই পদত্যাগ করার। আপনাকে ক্ষমতায় বসিয়েছি ১৫শ-এর বেশি শহীদ যোদ্ধারা। আপনি পদত্যাগ করে দেশের বাইরে চলে গেলে জুলাই যোদ্ধাদের কী হবে ? তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করেই আপনাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় গৃহযুদ্ধ লেগে যাবে।

- Advertisement -

এই সরকারে একজন স্যুটকেস গুছিয়ে বসে আছেন যিনি অপেক্ষা করছেন- ড. ইউনূস পদত্যাগ করলেই তিনি প্রধান উপদেষ্টা হবেন বলেও মন্তব্য করেন হাদী। বর্তমান সরকারকে পুনর্গঠন করে একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *