সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ঢাকার অপরাধজগতের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকা থেকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাঁকে একজন সহযোগীসহ আটক করা হয়। সরকারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, অভিযানের বিস্তারিত তথ্য আজ যেকোনো সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হতে পারে।

এদিকে এই অভিযান সম্পর্কে কুষ্টিয়া জেলা পুলিশের কোনো ধারণা ছিল না বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ। তিনি বলেন, “এখানে আমাদের কোনো অভিযান ছিল না। অন্য কোনো বাহিনী করেছে কি না, জানি না। জানার চেষ্টা করছি।”

শহরের বাসিন্দারা জানান, ভোরবেলা সেনাবাহিনীর পাঁচটি গাড়ি এসে কালীশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি তিনতলা বাড়ি ঘিরে ফেলে। বাড়ির নিচতলা ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। বাড়িটি স্থানীয় মীর মহিউদ্দিনের মালিকানাধীন এবং এর দ্বিতীয় ও তৃতীয় তলায় মেস হিসেবে থাকেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সেই মেসের কয়েকজন শিক্ষার্থী জানান, গত কয়েক দিন ধরে বাড়ির নিচতলায় এক দাড়িওয়ালা অপরিচিত ব্যক্তিকে দেখা যাচ্ছিল, যিনি দিনে একবার কেবল খাওয়ার সময় বের হতেন। অভিযান শুরুর পর সেনাসদস্যরা শিক্ষার্থীদের নির্দিষ্ট কক্ষে বসিয়ে রাখেন এবং বারবার বলেন, “তোমাদের কোনো ভয় নেই।”

এক শিক্ষার্থী বলেন, সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। এরপর সেনাসদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং অন্য এক যুবককে হাত বেঁধে গাড়িতে তুলে নেন। অভিযানের পর একজন সেনা কর্মকর্তা শিক্ষার্থীদের বলেন, “এখন বললে ভয় পাবে। পরে মিডিয়ার মাধ্যমে সব জানতে পারবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *