বরিশালে জাপার বিক্ষোভ মিছিলে হামলা, আহত ৭

বরিশাল প্রতিনিধি :

2 Min Read

জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে অনুষ্ঠিত জাতীয় পার্টির (জাপা) বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ফকিরবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক আকতার রহমান সপ্রু, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আ. জলিল, যুব সংহতির বরিশাল জেলা সভাপতি নজরুল ইসলাম হেমায়েত, মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জুম্মান।

প্রত্যক্ষদর্শী ও জাপা নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাপার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে হঠাৎ করে কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আকস্মিক এ হামলায় মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে পড়েন মিছিলকারীরা। পরে জাপা কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং হামলাকারীদের মধ্যে একজনকে ধরে গণধোলাই দেয়।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুল বলেন, “বিনা উসকানিতে আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে এবং একজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে। আমরা জানতে চাই—এ হামলাকারী কার এবং কার প্ররোচনায় এমন ঘটনা ঘটেছে। একইসঙ্গে মব জাস্টিস বা গণপিটুনির নামে যেকোনো অপরাধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।”

এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি দু’পক্ষের মধ্যে মারামারির মতো দেখাচ্ছে। একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। গণধোলাইয়ের শিকার ব্যক্তিকে আটক নয়, বরং পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলার উদ্দেশ্য, জড়িতদের পরিচয় ও তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *