সীমান্ত রক্ষায় কোনো আপোস নয়: ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর

মীর খায়রুল আলম, সাতক্ষীরা প্রতিনিধি : 

2 Min Read
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছুটিপুর সীমান্ত ফাঁড়ি (বিওপি) উদ্বোধনী অনুষ্ঠান, ছবি - নিউজনেক্সট।

সীমান্ত রক্ষায় কোনো ধরনের আপোস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যশোর রিজিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর (পিএসসি)। তিনি বলেন, “সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত। মাদক, চোরাচালান এবং অবৈধভাবে পুশইন বন্ধে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।”

রবিবার (১ জুন) সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছুটিপুর সীমান্ত ফাঁড়ি (বিওপি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণ সবসময় বিজিবির পাশে থেকেছে। আমরা আশা করি ভবিষ্যতেও তারা আমাদের সহযোগিতা করবেন। বর্তমানে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। এই ধরনের কর্মকাণ্ড বন্ধে কূটনৈতিকভাবে উদ্যোগ নিতে হবে। যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকেন, তবে তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত করে আলোচনা মাধ্যমে দেশে ফেরত পাঠানো উচিত। কিন্তু তাদের নির্জন দ্বীপ বা চরে ফেলে যাওয়ার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।”

ছুটিপুর বিওপি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি, আর্টিলারি), রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার (বিএসপি, পিএসসি, আর্টিলারি), নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব (পিএসসি, সিগন্যালস্)
, যশোর এফআইজির ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার মেজর মো. আমিনুর রহমান (জি+, আর্টিলারি), রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ (ট্যাজ, বিসিজিএম, পিসিজিএম, বিএন), নীলডুমুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস (এএমসি), অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটা ও কালিগঞ্জের স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন ক্লাব ও সংগঠনের নেতারা।

বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প এবং খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্তে বিজিবির চলমান কার্যক্রম নিয়ে আলোকপাত করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *