বান্দরবানের লামায় পাহাড়ধসের আশঙ্কায় ৬০টি পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা

2 Min Read

বান্দরবানের লামা উপজেলায় ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের আশঙ্কায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১ জুন) দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

লামা ইউএনও মো. মইন উদ্দিন বলেন, “বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আবহাওয়া অফিস বলছে তা আরও কয়েকদিন চলতে পারে। যেহেতু অধিকাংশ রিসোর্ট পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই যেকোনো দুর্ঘটনা এড়াতে এগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে।”

উপজেলা সদরের মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া-দুখিয়া ভ্যালিসহ পাহাড়ি অঞ্চলে থাকা সব রিসোর্টে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলো পুনরায় খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

বান্দরবান আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড জানায়, টানা বর্ষণে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বাড়ছে, তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। নাইক্ষ্যংছড়ির বাইশারীতে নদীর পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে, আলীকদম উপজেলায় ঘরের ওপর গাছ পড়ে এক শিশুর মৃত্যু ও নাইক্ষ্যংছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, সাতটি উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও এনজিওদের নিয়ে দুর্যোগকালীন জরুরি সেবা কমিটি গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে স্থানীয়দের।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *