হত্যা ও হত্যা চেষ্টা মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই আদেশ দেন।

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদন করলে তা নাকচ করে দেন আদালত। তবে শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়নি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম ওমর ফারুক নয়ন বলেন, “ডা. আইভী তিনটি মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন। আদালত তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন।”

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, “তিনটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলাম। আদালত জামিন দেননি। শুনানির সময় তাকে হাজির করার প্রয়োজন না থাকায় আদালতে তোলা হয়নি।”

এর আগে ৮ মে রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার গ্রেপ্তারের খবরে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আওয়ামী লীগ ও আইভীর সমর্থকরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে এবং বিভিন্ন সড়কে বাঁশ ও যানবাহন ফেলে অবরোধ গড়ে তোলে।

পরদিন (৯ মে) ভোরে তাকে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যা চেষ্টা মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়।

বর্তমানে ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় মোট ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, হত্যা চেষ্টা ও সহিংসতা সংক্রান্ত অভিযোগ। পাঁচ দফা জামিন আবেদনেও আদালতের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকায় আপাতত কারাবন্দিই থাকছেন নারায়ণগঞ্জের সাবেক এই জনপ্রিয় মেয়র।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *