পবিত্র ঈদুল আজহার উৎসবে সিনেমাপ্রেমীদের জন্য এসেছে বাড়তি আনন্দ—আজ (ঈদের দিন) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢালিউডের মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রথম সপ্তাহে দেশের ১৩২টি হলে একযোগে মুক্তি পাচ্ছে।
সিনেমার প্রযোজনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া শাকিব খান নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজে হলে হলে ‘তাণ্ডব’ দেখার আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, “বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’-এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।”
এই থ্রিলারধর্মী অ্যাকশন ড্রামায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরও অনেকে।
সিনেমাটির পোস্টার, টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই এটি নিয়ে শোবিজ অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ‘লেচুর বাগান’ শিরোনামের আইটেম গানটি সামাজিক মাধ্যমে তুমুল আলোচিত হয়েছে।
এই আইটেম গানটির মাধ্যমে ছোট পর্দার তারকা সাবিলা নূর বড় পর্দায় অভিষেক করলেন। গানটিতে শাকিব খানের সঙ্গে সাবিলার পারফরম্যান্স ইতোমধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে।
‘তাণ্ডব’ নিয়ে শুরু হওয়া এই উত্তেজনা ঈদের ছুটিতে দেশের সিনেমা হলে দর্শক টানবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
