রামুতে বাস উল্টে বাবা-ছেলে নিহত, হাসপাতালে আহতরা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার রশিদনগর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

নিহতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী এলাকার ব্যবসায়ী হাবিবুর উল্লাহ (৫৫), তার নয় বছরের ছেলে মো. রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকূল এলাকার রিমঝিম বড়ুয়া।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি নাসির উদ্দিন জানান, ঢাকা থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে বিপরীতমুখী চট্টগ্রামগামী পূরবী পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

নিহত হাবিবুর উল্লাহর ফুফাত ভাই ও পিএমখালী ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াস উদ্দিন বলেন, “হাবিব রামুতে কাপড়ের ব্যবসা করতেন। ঈদের ছুটি শেষে তিনি তার ছেলেকে চট্টগ্রামের মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন।”

রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *