নগরভবনে ‘মেয়র’ ইশরাকের প্রথম সভা!

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পূর্বঘোষণা অনুযায়ী সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ অনুষ্ঠানের উদ্যোগ না নিলে নিজেই কর্মী-সমর্থক ও নগরবাসীকে সঙ্গে নিয়ে শপথ নেবেন, এই অবস্থান থেকেই সোমবার (১৬ জুন) নগরভবনে নিজের ‘প্রথম’ সভা করলেন।

নগর ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সভায় ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে লেখা ছিল “মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন”। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উপস্থিত কর্মীদের কাছে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট গ্রহণ করেন।

সভা সূত্রে জানা গেছে, এটি ছিল ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা। আয়োজকদের দাবি, পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত করতেই এ সভার আয়োজন করা হয়। বক্তৃতায় ইশরাক হোসেন বলেন, “জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চলবে।”

এর আগে রবিবার তিনি ঘোষণা দেন, নগরভবনের প্রধান ফটকে তালা দেওয়া থাকবে, তবে জরুরি নাগরিক সেবা চালু থাকবে বিএনপি পরিচালিত “সিটি প্রশাসন”-এর অধীনে।

সোমবার সকাল থেকে নগর ভবনের সামনে সমবেত হন ইশরাকের সমর্থকরা। তারা তাকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর বেলা ১১টার কিছু পরে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক।

এদিন দুপুরে তিনি গণমাধ্যমকে জানান, জরুরি সেবাগুলোর কার্যক্রম সচল রাখতে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন। পাশাপাশি সামনের কর্মসূচি ও সিদ্ধান্ত নিয়ে বিকেলে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বলে জানান তিনি।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইশরাকের এই পদক্ষেপ রাজধানীর স্থানীয় শাসনে একটি নতুন বিতর্কের সূত্রপাত ঘটাতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *