টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মী অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

জাফর আলম, কক্সবাজার:

1 Min Read

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী একটি বাস থামিয়ে সেন্টমার্টিন পরিবহনের এক কর্মীকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায়। হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সেন্টমার্টিন পরিবহনের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সালমান নামের ওই কর্মী ঢাকাগামী একটি বাসে করে হ্নীলা ফিরছিলেন। আলিখালী রাস্তার মাথায় পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বাস থামিয়ে তাকে জোরপূর্বক নামিয়ে পাশের পাহাড়ের দিকে নিয়ে যায়।

অপহৃত সালমান হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দা। তার পরিবার জানিয়েছে, অপহরণের পরপরই সালমানের বাবার মোবাইল নম্বরে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় পরিবারের সদস্যরা টেকনাফ থানায় অভিযোগ করতে গেছেন বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তবে টেকনাফ থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, “এখনও পর্যন্ত কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত সাড়ে ১৭ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৫৫ জনকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড় ও সীমান্ত ঘেঁষা এলাকায় অপরাধীচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *