তেহরান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার উদ্যোগ সরকারের

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক জানান, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি থাকলেও তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। এই পরিস্থিতিতে সরকার তাদের জন্য গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, “তেহরানে যারা আছেন, তারা সরাসরি হামলার ঝুঁকিতে রয়েছেন। তাদের এবং দূতাবাসে কর্মরতদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা কাজ করছি, যাতে তারা নিরাপদে থাকতে পারেন।”

পররাষ্ট্র সচিব জানান, তেহরানের বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করে ১০০ জন নাগরিক সরিয়ে নেওয়ার আগ্রহ জানিয়েছেন। তাদের সঙ্গে দূতাবাসের ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকেও নিরাপদ স্থানে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতোমধ্যে ইসরায়েলের টার্গেটেড হামলা ইরানের সামরিক স্থাপনা এবং সামরিক কমান্ডারদের ওপর পড়েছে, যা শুরু হয় শুক্রবার ভোররাতে। টানা পাঁচ দিন ধরে চলমান এই উত্তেজনার মধ্যে যুদ্ধাবস্থার ঝুঁকি বাড়ছে।

এই প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত সকল বাংলাদেশি এবং তাদের স্বজনদের জন্য জরুরি হটলাইন চালু করেছে সরকার। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে বাংলাদেশ দূতাবাস—উভয় জায়গায় এই হটলাইনের মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *