রাজশাহীবাসীকে সুখবর দিলেন বিসিবি সভাপতি

সজল মাহমুদ, নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহীর ক্রিকেটপ্রেমীদের জন্য নিয়ে এসেছেন বড় একটি সুখবর। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ এবং অঞ্চলভিত্তিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে রাজশাহী অঞ্চলে একটি পূর্ণাঙ্গ প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব–১২ সিক্স–এ–সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি। তিনি বলেন, আমরা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এজন্য বিকেন্দ্রীকরণের পথে হাঁটছি। রাজশাহীতে প্রথম শ্রেণির ক্রিকেট হয় মাঝে মধ্যে। তবে আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলে একটি পূর্ণাঙ্গ প্রিমিয়ার লিগ চালু করব। এখানকার ক্রিকেটকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করতে চাচ্ছি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন আমিনুল বুলবুল। তার ভাষায়, আমরা টেস্ট ক্রিকেটকে সামনে নিয়ে যেতে চাই। এটা এক ধরনের লঞ্চপ্যাড। গতকাল খুলনায় এবং আজ রাজশাহীতে মানুষ যেভাবে টেস্ট ক্রিকেটকে গ্রহণ করেছে, তাতে আমরা উৎসাহিত। বাংলাদেশ ইতোমধ্যে পূর্ণ আইসিসি সদস্য এবং ২৫ বছর ধরে টেস্ট খেলছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

তিনি আরও বলেন, আমরা দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট বিস্তারে কাজ করছি। রাজশাহীতে আরও বেশি ম্যাচ আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং এখান থেকে জাতীয় দলে খেলোয়াড় তুলে আনাই আমাদের লক্ষ্য।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের পরিকাঠামোর প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, এ রকম সুন্দর আউটফিল্ড অনেক দেশেই নেই। উইকেটও দারুণ। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাইয়ের নেতৃত্বে এখানে চমৎকার একটি পরিকাঠামো গড়ে উঠেছে। সারা দেশে যদি এমন সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে ক্রিকেটের ভিত্তি আরও শক্ত হবে।

রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঘরোয়া ক্রিকেটে তাদের অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় খেলোয়াড়দের জন্য একটি দৃশ্যমান প্ল্যাটফর্ম তৈরি করা হোক। বিসিবি সভাপতির এই ঘোষণায় তাই নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন এখানকার ক্রিকেটপ্রেমীরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *