মানুষ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে: তারেক রহমান

2 Min Read
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। স্লোগাননির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গেছে।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

তরুণ প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে মূল লক্ষ্য। বেকারদের জন্য কাজের ব্যবস্থা করাটাই দলের প্রধান অগ্রাধিকার।

প্রতিটি খাতে দলের নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ চলমান। জনগণের আস্থায় বিএনপি সরকার গঠিত হলে এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের অধিকাংশ জনসংখ্যাই কর্মক্ষম বয়সের মধ্যে আছেন। তাই তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। এজন্য তরুণ ও যুবকদের কারিগরি শিক্ষা দিয়ে গড়ে তোলা প্রয়োজন, যা হবে দেশের জন্য আশীর্বাদ।

পাশাপাশি খেলাধুলায় পারদর্শিতা অর্জনের জন্য তরুণদের উৎসাহিত করা দরকার।

‘নতুন কুড়ি’ পুনরায় চালুর ঘোষণা দিয়ে তারেক বলেন, এতে খেলাধুলাকেও অন্তর্ভুক্ত করা হবে। খেলাধুলাকে পেশার মত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়া শিক্ষাকে পাঠ্যক্রমেও সংযোজন করা যেতে পারে।

আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি, শরীফুল ইসলাম খান, নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *