‘স্বাধীনতাবিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি না’ মন্তব্য করা ওসিকে প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি :

2 Min Read

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার মহানগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ঘটনার সূত্রপাত ফেসবুকে জামায়াত আমিরের বক্তব্য উদ্ধৃত করে তৈরি এক ফটোকার্ডকে কেন্দ্র করে। সেই পোস্টে ওসি শেখ আমিরুল ইসলাম মন্তব্য করেন “আগে গণভোট দরকার, স্বাধীনতাবিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি না।” তার এই মন্তব্যের পর নেটিজেনদের সমালোচনা শুরু হয় এবং বিষয়টি মহানগর পুলিশ কমিশনারের নজরে আসে।

এরপর গত ২০ অক্টোবর জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিশে শুরার সদস্য মো. আমজাদ হোসেন ও পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ওসি শেখ আমিরুল ইসলাম থানায় যোগদানের পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জামায়াত ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এমনকি তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকলও দিচ্ছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।

পরবর্তীতে প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় গাজীপুর মহানগর পুলিশ। অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি শেখ আমিরুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হবে।

ওসি শেখ আমিরুল ইসলাম এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *